Logo
প্রিন্টের তারিখ: 21 September 2026 | প্রকাশের তারিখ: Sep 21, 2026

সংবাদ শিরোনাম : প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ অভিযান

প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ অভিযান
প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচির আওতায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার পৃথক চারটি স্থানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে শতাধিক বয় স্কাউট ও গার্ল-ইন-স্কাউট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও অপসারণের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মোহাম্মদ আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মহি উস সুন্নাহ চৌধুরী নার্জিস, সম্পাদক সৈয়দ মুমিন আহমেদ রিমন, আঞ্চলিক পরিচালক তাপস কান্তি গুলদার এবং সহকারী পরিচালক মো. শরীফ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটসের সেক্রেটারি মোঃ ছলমান আহমেদ চৌধুরী, উপজেলা স্কাউট লিডার মকসুদুর রহমান, এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার রাজু আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ইউনিট লিডার শিব্বির আহমদ এবং অগ্রদূত মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার আশরাফুল হক। এ সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে স্কাউটদের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ, সেবার মানসিকতা এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে। পর্যায়ক্রমে গোলাপগঞ্জ উপজেলার আরও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
দৈনিক সিলেট টাইমস 24
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF