আজ ১২ জুন ২০২৬, রোজ শুক্রবার, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার বিখ্যাত চান মিয়ার আনারস বাগানে হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন, ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট টাইমস ২৪ ও দৈনিক দেশের দর্পণ বিডি-এর সম্মানিত সম্পাদক ও প্রকাশক জনাব সাহেদ আহমদ রিপন।
অনুষ্ঠানে তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান। জনাব সাহেদ আহমদ রিপন তাঁর বক্তব্যে বলেন, "রক্তদান একটি মহৎ ইবাদত এবং মানবতার সেবায় এই সংগঠনের প্রতিটি সদস্য যেভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি বিশ্বাস করি, আপনাদের এই ঐকান্তিক প্রচেষ্টা আমাদের তরুণ প্রজন্মকে মানবিক কাজে আরও উদ্বুদ্ধ করবে।"
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব সাইদুল হক জাবের এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা। আয়োজনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নাজিমের শুভ বিবাহ উপলক্ষে এবং সাবেক সদস্য জাবেদ আহমদের বিদেশ থেকে প্রত্যাবর্তন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া, সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যদের তাঁদের নিষ্ঠাবান অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।