নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:
সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাদ আসর গোলাপগঞ্জের রাণাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবহন শ্রমিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেন। স্থানীয়দের মতে, এটি গোলাপগঞ্জের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা।
জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মান শেষে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক অসুস্থ অবস্থায় সিলেট নগরীর নয়া সড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবহন শ্রমিক সমাজ, সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সেলিম আহমদ ফলিক দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তিনি সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।