নিজস্ব প্রতিবেদক, ঢাকাদক্ষিণ | সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজারে যত্রতত্র ঝুলে থাকা ইন্টারনেট ও ডিশ লাইনের তারের জঞ্জাল এখন সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক তারের সাথে এই তারগুলো এমনভাবে পেঁচিয়ে রাখা হয়েছে যে, যেকোনো সময় শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন অলিগলিতে মাথার ওপর মাকড়সার জালের মতো ঝুলে আছে কয়েকশ তার। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (আইএসপি) নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিদ্যুৎ লাইনের খুঁটি ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে এসব লাইন টেনেছে। অনেক জায়গায় তার ছিঁড়ে নিচে ঝুলে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেই।
সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন বাজারের মুদি দোকানদাররা। একাধিক ব্যবসায়ী জানান, তাদের দোকানের ঠিক ওপরেই বিদ্যুৎ ও ইন্টারনেটের তারের জটলা। এর আগে ছোটখাটো আগুনের স্ফুলিঙ্গ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। একজন দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন, "এরা যেন কোনো কিছুরই তোয়াক্কা করে না। আমরা সবসময় আতঙ্কের মধ্যে ব্যবসা করছি, এর শেষ কোথায়?"
বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মনে করছেন, এখনই এসব তার অপসারণ বা সুশৃঙ্খলভাবে ড্রেসিং করা না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের অগ্নিকাণ্ড। এতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঝুঁকিও রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বিদ্যুৎ বিভাগ ও বাজার পরিচালনা কমিটির দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রিন্ট করুন ফটো কার্ড