নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:
সিলেটের গোলাপগঞ্জে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হতাহতের ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট। ধর্মঘট চলাকালীন রাস্তায় হালকা ট্রাক, পিকআপ এবং কাভার্ড ভ্যান চলাচল করতে দেখা গেলেও তাতে কোনো বাধা সৃষ্টি করছে না শ্রমিক সংগঠনগুলো।
শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন, শুধুমাত্র গোলাপগঞ্জ উপজেলার আওতাভুক্ত মালবাহী ট্রাক, পিকআপ এবং কাভার্ড ভ্যানগুলোকে কর্মবিরতিতে রাখা হয়েছে। ধর্মঘটের সমর্থনে সংগঠনের নেতাকর্মীরা কঠোর নজরদারিতে রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে অন্যান্য উপজেলা বা থানা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপ-কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ ও সহ-সভাপতি আইনুদ্দিন বলেন, "আমাদের নেতাকর্মীরা সতর্ক আছেন যাতে যাত্রী বা বাইরের মালবাহী যানের কোনো সমস্যা না হয়। তবে আমাদের এই ধর্মঘট শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এর মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবিগুলো মানা না হয়, তবে আমরা পরবর্তীতে সমগ্র সিলেট জেলা জুড়ে ধর্মঘটের ডাক দিতে বাধ্য হব।"
প্রিন্ট করুন ফটো কার্ড